নিজস্ব প্রতিবেদক : রবিবার যশোরের মণিরামপুর উপজেলার ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়নে কলস মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
পথসভায় বক্তব্যে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। ঢাকুরিয়া ইউনিয়নসহ সমগ্র মণিরামপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান খাতে টেকসই উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বক্তব্যকালে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন এলাকার শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচিত হলে দীর্ঘদিনের জনভোগান্তির ভবদাহ সমস্যার চিরস্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না-সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
তিনি আরও বলেন, অতীতের মতো আগামীতেও জনগণের সুখে-দুখে সব সময় পাশে থাকতে চান। এজন্য তিনি কলস প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার একটি সুযোগ দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
অ্যাডভোকেট ইকবাল হোসেন বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে যশোর-৫ মণিরামপুর আসনের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি সততা ও স্বচ্ছতার মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যশোর-৫ আসনকে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ এবং উপস্থিত জনগণ মনোযোগ সহকারে প্রার্থীর বক্তব্য শোনেন।