নিজস্ব প্রতিবেদক : মাদক ও ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ইমামদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, শুধু আইন প্রণয়ন ও প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। শনিবার (১০ অক্টোবর) সকালে যশোর জেলা ইমাম পরিষদের উদ্যোগে জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত ‘মাদক বিস্তার বিরোধ ও যুব সমাজের নৈতিক শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, সমাজ থেকে মাদক দূর করতে ইমামদের ভূমিকা অপরিসীম। জুম্মার নামাজে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করা হলেও যাদের উদ্দেশ্যে এ বার্তা দেওয়া হয়, তারা অনেক সময় উপস্থিত থাকে না। তাই এ বিষয়ে বিকল্প ও কার্যকর চিন্তা করতে হবে। মাদকের ভয়াবহতার পাশাপাশি বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সতর্ক করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে মাদকমুক্ত ও নিরাপদ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল কবির যশোরীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার শায়খুল হাদীস জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মাওলানা আ.ব.ম. সাইফুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক দাঈ, লেখক ও গবেষক মাওলানা শরীফ মোহাম্মদ। এ সময় আরও বক্তব্য রাখেন ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামসুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী ও মুফতি আমানুল্লাহ কাশেমী, মুফতি ওবায়দুল্লাহ শাকির প্রমুখ।