ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ ছয় জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ২নং জামাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম (৬০), বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মাঝদিয়া গ্রামের আবু জাফর হোসেন (৫৭) ও মোল্লাডাঙ্গা গ্রামের আশরাফুল হোসেন (৫৫)। এছাড়া ১১নং রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সদস্য সামাউল ইসলাম ঠান্ডু (৫৭), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কার্জন বিশ্বাস (৫০) এবং ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন (৩৫)। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, গত রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে। মামলাগুলোর তদন্তে তাদের নাম আসায় তাদেরকে আটক করা হয় বলে জানান তিনি।