নিজস্ব প্রতিবেদক : যশোরে আলাদা দুটি ঘটনায় দুই নারীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এর মধ্যে এক ঘটনায় এক নারীর গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে যশোর কোতোয়ালী মডেল থানাধীন চাঁচড়া চেকপোস্ট এলাকায়। আহত রিনা খাতুন (৩৩), ভাতুড়িয়া নারায়ণপুর গ্রামের রাজিব হোসেনের স্ত্রী। অভিযোগ অনুযায়ী, চেকপোস্ট এলাকায় ইজিবাইক পার্কিং করা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রানা নামে এক ব্যক্তি ও অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জন রিনাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তার স্বামী রাজিব হোসেন। পরে রাজিব হোসেন ঘটনাস্থল থেকে স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। অপর ঘটনাটি ঘটে একই দিন রাত ১০টার দিকে কোতোয়ালী থানার ৯ নম্বর আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গাঙ্গপাড়া এলাকায়। আহত ফাতেমা বেগম (২৭) ওই এলাকার আব্দুল আলিমের মেয়ে। অভিযোগ অনুযায়ী, পূর্বশত্রুতা ও শিশুদের খেলা করা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুমন নামে এক ব্যক্তি ফাতেমাকে কাঠের চেলা দিয়ে আঘাত করে আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত দুই নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রিনা খাতুন মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। ফাতেমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।