সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১২ কেজি ‘কুশ’, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ মো. তারিকুজ্জামান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে অধিনায়কের সার্বিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়। বিজিবি জানায়, সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন মো. তারিকুজ্জামানকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। তল্লাশিকালে তার কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ মাদক উদ্ধার করা হয়। পরে তাকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ আটক করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া ১২ কেজি ‘কুশ’-এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া আলামতের মোট মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি এক ধরনের মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মিশিয়ে লিকুইড, পাউডার কিংবা ট্যাবলেট আকারেও সিনথেটিক মাদক হিসেবে বাজারজাত করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।