অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ইজিবাইক উল্টে মহিতোষ মন্ডল (৫০) নামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিতোষ মন্ডল উপজেলার ভাটবিলা গ্রামের মৃত বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে। তিনি খুলনার খালিশপুরে অবস্থিত পিডিবি কার্যালয়ে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহিতোষ মন্ডল নিজ বাড়ি থেকে ইজিবাইকে করে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, ইজিবাইকটি ধোপাদী গ্রামের জাহিদুর রহমান চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালক ইজিবাইকসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ব্যাপারে অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পলাতক ইজিবাইকচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।