নিজস্ব প্রতিবেদক : যশোর অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের রফিকুল মেম্বারকে হত্যাচেষ্টার মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেয়া হয়েছে। বুধবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায় এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, হিদিয়া গ্রামের সোলেমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস, লুৎফর বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস ও ইয়ামিন বিশ্বাস। মামলার অভিযোগে জানা গেছে, হিদিয়া গ্রামের রফিকুল ইসলাম মেম্বারের সাথে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০২১ সালে ৪ ফেব্রুয়ারি রফিকুল ইসলাম ইছামতি বাজার থেকে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে ইছামতি ব্রিজ সংলগ্ন চেয়ারম্যানের অফিসের সামনে পৌঁছালে আসামিরা তার প্রতিরোধ ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় মেম্বার রফিকুল ইসলামের ভাই আব্দুল গফুর মোল্লা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। মামলা তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই ইকবাল মাহমুদ। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি নাসির ও হোসেনের বিরুদ্ধে ৩২৪ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় দেড় বছর করে সশ্রম কারাদণ্ড ১০০০ টাকা করে জরিমান অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি ইয়ামিনের বিরুদ্ধে ৩২৫ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড ২০০০ টাকা জরিমান, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত তিনজনই কারাগারে আটক আছে।