মাগুরা প্রতিনিধি : ভোক্তা অধিকার অভিযানে অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, তেল মিল, মুদিদোকান, মিষ্টির কারখানাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাস্থ্য ঝুঁকি থাকায় জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শ্রীপুর উপজেলার রাধানগর ও সাচিলাপুর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
এসময় পূর্বে সতর্ক করা স্বত্তেও অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, মিষ্টি ও খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রঙ ব্যবহার, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় সাচিলাপুর বাজারের মেসার্স শশী মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাধানগর বাজারে মেসার্স রাজ্জাক তেল মিলকে যথাযথ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা ও প্রতিষ্ঠানে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৪৫ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স জালাল তেল মিলকে একই অপরাধ ও ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন ডিএসআই মো: ফয়েজুল কবীর, শ্রীপুর ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।