কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান। ৫ মে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত একদিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়। এই ক্যাম্পটি বাস্তবায়নে সহযোগিতা করে অরবিস ইন্টারন্যাশনাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল। ক্যাম্প পরিচালনা করেন হাসপাতালটির অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. মোঃ হাবিবুল্লাহ ও তার দক্ষ টিম। দিনব্যাপী এই ক্যাম্পে মোট ৯০ জন রোগী চক্ষুসেবা গ্রহণ করেন। প্রাথমিক পরীক্ষার মাধ্যমে ২৪ জন ছানি রোগী শনাক্ত করা হয়, যাদের তাৎক্ষণিকভাবে খুলনার শিরোমণি বাদামতলা এলাকায় অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য পাঠানো হয়। রোগীদের পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয় এবং অপারেশন শেষে আগামী ৭ মে তাদের নিরাপদে কেশবপুরে ফিরিয়ে আনা হবে। অন্যান্য রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়, যা তাদের ভবিষ্যৎ চিকিৎসার পথ সহজ করবে। ক্যাম্পে উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলী, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশরাফুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা রায়হান আহমেদ শুভসহ অন্যান্য কর্মকর্তারা।