ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুলিশ সেজে প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫০টি ইয়াবাসহ পুলিশের পোশাক ও ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ প্রধান ডিবির ওসি ছাব্বিরুল আলম। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শৈলকুপা থানার চণ্ডিপুর গ্রামের গোলাপ মোল্যার বাড়ি থেকে তাদের আটক করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন- উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের আমিন বিশ্বাসের ছেলে রিয়াজ বিশ্বাস (২৭), বারইপাড়া গ্রামের ডাবলু মোল্লার ছেলে রুবেল হোসেন মোল্যা (৩২), দুধসর গ্রামের আশিক জোয়ার্দ্দার (২৪), কুলচারা গ্রামের বাবু মণ্ডলের মেয়ে তাসলিমা খাতুন (২১) এবং সোন্দা গ্রামের জামিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০)। ডিবির ওসি ছাব্বিরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। এরই সঙ্গে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে ইংরেজিতে ‘পুলিশ’ লেখা জ্যাকেট, এসআই র্যাংক ব্যাজ, পুলিশ মনোগ্রামযুক্ত পোশাক, ক্যাপ, বেল্ট, ২টি ওয়াকিটকি সেট ও চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম ও ১৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শৈলকুপা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।