কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সাপের কামড়ে এক স্কুল পড়ুয়া ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিথি খাতুন (১৬) নামের ওই স্কুল শিক্ষার্থী একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে। সে কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী আব্দুর রাজ্জাক জানান, সকাল ৭ টার দিকে বাড়ির আঙিনায় অবস্থিত গোয়ালঘরে কাঠ গোছাতে গিয়ে বিথিকে সাপে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় ওঝাঁর মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। কিন্তু তাতে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে। রোববার সকাল ১১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্কুল শিক্ষার্থী বিথির অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুতে স্বজন, সহপাঠীসহ পরিচিতজনের আহাজারিতের এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।