নিজস্ব প্রতিবেদক : যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ মুক্ত দেশ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার পেয়েছি। যে সরকার জনগণের কাছে প্রদত্ত ওয়াদা পূরণের জন্য প্রথম দিন থেকে কাজ শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের এই গণতান্ত্রিক অর্জনকে নস্যাৎ করার জন্য আবারও ষড়যন্ত্র হচ্ছে। আমরা নির্বাচনকে কেন্দ্রকে ষড়যন্ত্র দেখেছি। জনগণ অদম্য ছিল বলেই তারা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে হুমকি দিচ্ছে। সংসদের কথা বলে সেই দলের নেতারা রাজপথে নামার কথা বলছেন, কিন্তু বিএনপিকে রাজপথে নামার হুমকি দিয়ে লাভ নেই। রাজপথ পাড়ি দেয়ার অভিজ্ঞতা বিএনপির আছে, আমরা ওই পথ পাড়ি দিয়ে এসেছি।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজকে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমাদের হাতে কোন ক্ষমতা নেই। যারা আমাদেরকে নির্বাচিত করেছেন, ক্ষমতা তাদের হাতে। জনগণের ভোটে নির্বাচিতরাই দেশ পরিচালনা করবে এটিই সাংবিধানিক কাঠামো। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ক্ষমতার বিষয় নয়, জনগণের দায়িত্ব পালনের সুযোগ মাত্র। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবে যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, বর্তমান সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।