ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আমতলা বাজারে বোতলে ভরে পেট্রোল ও ডিজেল বেশি দামে বিক্রি করার দায়ে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল ৪টার দিকে ইউএনও রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, আমতলা বাজারের এই দুই ব্যবসায়ী বোতলে ভরে প্রতি লিটার পেট্রোল ও ডিজেল ২০০ টাকা দরে বিক্রি করছিলেন। একই সঙ্গে বাজারে তেল নেই বলে অপপ্রচার চালিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিলেন দুই দোকানি। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আমতলা বাজারের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনগুলো তদারকি করে সঠিক দামে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, এই দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানের সময় ব্যারেলে তেল মজুদের প্রমাণ মিলেছে। নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি অর্থাৎ ২০০ টাকা লিটার দরে পেট্রোল ও ডিজেল বিক্রি করায় অভিযুক্তদের অর্থদণ্ড করা হয়েছে। সিন্ডিকেট তৈরি করে তেলের দাম বাড়ানোর সুযোগ কাউকে দেয়া হবে না এবং জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন ইউএনও রেজওয়ানা নাহিদ।