Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒অগ্নিসংযোগ-ভাঙচুরের অভিযোগে মামলা

ঝিনাইদহে ফাঁসানোর দাবি গ্রেপ্তার বৈষম্যবিরোধী ৭ ছাত্রনেতার

এখন সময়: মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬, ১১:১৯:৪০ এম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও ফিলিং স্টেশন ভাঙচুরে আলাদা দুটি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে গ্রেপ্তার ছাত্র নেতাদের দাবি-হত্যাকাণ্ড ধামাচাপা দিতে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে নেয়ার পথে প্রিজন ভ্যানে ওঠার সময় গ্রেপ্তার ছাত্র নেতারা গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা জানান, ডিবি কার্যালয়ে আটকে রেখে তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। একই সঙ্গে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান বিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও জোর দাবি করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক এজাজ আহমেদ অন্তর। এ সময় প্রিজন ভ্যানে ওঠার সময় তিনি বলেন- প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্লিজ আপনার সত্যটা তুলে ধরুন। সত্যটা প্রকাশ করুন। এই দেশে রাজনীতির চেয়ে খারাপ আর কিছু নেই। কতিপয় রাজনৈতিক দলের নেতারা ষড়যন্ত্র করে আমাদের ফাঁসিয়ে দিচ্ছে। নিরব হত্যার ঘটনা ধামাচাপা দিতে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেন্দ্রীয় যুব শক্তির সদস্য তাশদীদ হাসান প্রিজন ভ্যান থেকে নেমে আদালতে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, তাজ ফিলিং স্টেশনের কর্মীরা আমাদের জুলাই যোদ্ধা ফারদিন নিরবকে হত্যা করেছে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ষড়যন্ত্র শুরু করেছে তাজ পাম্পের মালিক হারুণ অর রশিদ। হারুন অর রশিদ জেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। সৃজনী এনজিও সংস্থার মালিক হারুন টাকার বিনিময়ে পুলিশ কিনে নিয়েছে। এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আশিকুর রহমান জীবন প্রিজন ভ্যানের দরজায় দাঁড়িয়ে বলেন, অগ্নিসংযোগ বা ভাঙচুরের সঙ্গে আমি জড়িত না। সিসিটিভি ফুটেজ পাবলিকলি প্রকাশ করুক পুলিশ। পুলিশ তো বিক্রি হয়ে গেছে। পুলিশ কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না? প্লিজ, সাংবাদিক ভাইয়েরা, আপনারা সত্যটা তুলে ধরুন। জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে প্রিজন ভ্যানে ওঠার সময় আটক আসামিরা নানা অভিযোগ করেন। তারা বলেন, আটকের পরে পুলিশ সদস্যরা ‘জুলাই যোদ্ধা’ হওয়ার কারণে আসামিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। পুলিশ শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা ও নির্যাতন করেছে। এর আগে সোমবার রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলা ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, যুগ্ম আহ্বায়ক এজাজ আহমেদ অন্তর, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য তাশদীদ হাসান, রাসেল হুসাইন ও হুমায়ুন কবির। এসব বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, আমরা আপনাদের প্রেসনোট দেবো। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেফতার করেছে। তথ্যপ্রযুক্তি ও সিসি টিভি ফুটেজ যাচাই করেই তাদের আটক করা হয়েছে। পুলিশ যা প্রমাণ করতে চায়, তা আদালতে উপস্থাপনের মাধ্যমে করা হবে। আপাতত আমরা গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে চাইছি না। এদিকে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেসনোট দেয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল সাক্ষরিত প্রেসনোটে জানানো হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে। যে কারণে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফারদিন আহমেদ নিরব ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে তেল নিতে যায়। এ সময় ওই পাম্পের কর্মচারীদের সঙ্গে তর্ক-বিতর্কের জেরে ফিলিং স্টেশনের কর্মীরা তাকে মারধর করে। পরে আহত হয়ে ফারদিন আহমেদ নিরব মেসে চলে যান এবং পরে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। ওই ঘটনার জেরে শনিবার রাতেই তিনজনকে আটক করে পুলিশ। প্রেসনোটে আরও বলা হয়েছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাজ ফিলিং স্টেশনের মালিকের মালিকানাধীন আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ ছাড়া রাত সোয়া তিনটার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এ ঘটনায় রোববার বাসে অগ্নিসংযোগের ঘটনায় মো. সাইফ নোমান ও ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনায় শামসুল কবির মিলন বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। এসব মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)