Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসার অভিযোগ

এখন সময়: শুক্রবার, ২৭ মার্চ , ২০২৬, ০৪:৫৪:০৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে নাজমুস সাকিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া চিকিৎসা দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তার চিকিৎসায় গাফিলতির কারণে শেষ পর্যন্ত প্রায় এক লাখ টাকা ব্যয় করতে হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হাসপাতালের বহির্বিভাগের ১২৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, তিনি নির্ধারিত চিকিৎসকের জন্য টিকিট কাটলেও চেম্বারে প্রবেশের পর নাজমুস সাকিব তার হাত থেকে টিকিট নিয়ে নিজেই রোগী দেখেন। সে সময় কক্ষে দায়িত্বরত চিকিৎসক উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো আপত্তি তোলেননি বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্য, নাজমুস সাকিব নিজেকে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসা দেন। কিন্তু পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। সেখানে অস্ত্রোপচারসহ চিকিৎসায় উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে বলে জানান তিনি।
অভিযোগে আরও বলা হয়েছে, নাজমুস সাকিব দীর্ঘদিন ধরে কোনো আনুষ্ঠানিক নিয়োগ বা প্রশাসনিক অনুমতি ছাড়াই হাসপাতালে রোগী দেখে আসছেন। তিনি হাসপাতাল থেকে কোনো বেতন পান না বলেও দাবি করা হয়েছে। রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো এবং নির্দিষ্ট চিকিৎসকের কাছে রেফার করার মাধ্যমে কমিশন নেয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ওষুধ কোম্পানি থেকেও কমিশন গ্রহণের অভিযোগ তোলা হয়েছে। শহরের ছাতিয়ানতলা এলাকায় তার নিজস্ব চেম্বার রয়েছে বলেও দাবি করেন অভিযোগকারী।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন,“আমি তাকে চিনি না। তিনি চেম্বারে সহকারী হিসেবে থাকার জন্য আবেদন করেছিলেন, তবে তাকে কোনো অনুমতি দেয়া হয়নি।”
অভিযুক্ত নাজমুস সাকিবের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)