অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মোবাইলফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ হুসাইন (২১) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-খুলনা রেলপথের ভাঙ্গাগেট এলাকার রহমত ওয়েব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হুসাইন উপজেলার ভাঙ্গাগেট এলাকার উম্মুলকুরা নূরানী অ্যাকাডেমি মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হুসাইন মোবাইলফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। রহমত ওয়েব্রিজের সামনে পৌঁছালে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মৌসুমি ইয়াসমিন জানান, ট্রেন দুর্ঘটনায় গুরুতর রক্তাক্ত অবস্থায় ওই মাদরাসা শিক্ষককে হাসপাতালে আনা হলেও তিনি আগেই মারা গিয়েছিলেন। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।