নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি বর্তমান সরকার সেটা বিবেচনা করছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। শুক্রবার সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনের পর এলাকাবাসীর উদ্দেশে দেয়া এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সড়কটি সংস্কার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপি তুলনামূলক কম ভোট পেয়েছে। তা সত্ত্বেও বর্তমান সরকারের জনকল্যাণমুখী নীতির কারণে এই চাঁচড়া ইউনিয়নেই প্রথম চার কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, যশোরের এই চাঁচড়া ইউনিয়নেই প্রথম ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উপস্থিত হয়ে যশোরে যে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করেছেন, তাও এই চাঁচড়া ইউনিয়নেই অবস্থিত। সরকার দল মতের ঊর্ধ্বে উঠে জনগণের মৌলিক অধিকার ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর এলজিইডির নির্বাহী পরিচালক আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম প্রমুখ। এলজিইডি সূত্র জানায়, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতায় ৩ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে যশোর সদর উপজেলার চাঁচড়া-রাজগঞ্জ সড়কের চার কিলোমিটার সড়ক মেরামত ও প্রশস্ত করা হচ্ছে। এ কাজের উদ্বোধনের পর প্রতিমন্ত্রী এলাকাবাসীর উদ্দেশে আরও বলেন, ‘আপনারা এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে সহায়তা করুন। অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করবো’। চার কিলোমিটার রাস্তা মেরামত ও প্রশস্তকরণের কাজে ঠিকাদারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঠিকঠাকমতো কাজ হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখার দায়িত্বও আপনাদের।