কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ের অভিযোগে উৎপল কুমার রায় নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই কেশবপুর পৌর এলাকার বিভিন্ন দোকানে গিয়ে উৎপল কুমার রায় নিজেকে ইনকাম ট্যাক্স কর্মকর্তা পরিচয় দেন। এ সময় তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার সময় বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয় নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।