ক্রীড়া প্রতিবেদক : রোনালদোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো। ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই পর্তুগিজদের বিপক্ষে রীতিমতো চমক দেখিয়ে ড্র করেছে কঙ্গো। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল। নেতোর পাস থেকে গোলটি করেন নেভেস। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার ইওয়ান উইসার গোলে সমতায় ফেরে কঙ্গো। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর করা ক্রস উড়ে আসলে দুর্দান্ত এক হেডে গোল করেন তিনি। বিরতির পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে অবশ্য দুর্দান্ত এক গোল করেছিলেন জোয়াও ক্যানসেলো। তবে অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।শেষদিকে মরিয়া হয়ে আক্রমণ চালায় পর্তুগাল। তবে প্রতিপক্ষের রক্ষণভাগগে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় পর্তুগিজ ফরোয়ার্ডরা। এই ম্যাচে খেলতে নেমে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উভয়েরই টানা ষষ্ঠ বিশ্বকাপ এটি। পাশাপাশি, বিশ্বকাপে ৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমেছেন সিআর সেভেন। বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন পর্তুগাল অধিনায়ক। আগামী মঙ্গলবার (২৩ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মোকাবিলা করবে পর্তুগিজরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।