নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়ার রাসেল রানার বাড়িতে এই অভিযান চালানো হয়। বুধবার বিকেলে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। আটককৃতরা হলেন-শার্শার রুদ্রপুরের মফিজুল ইসলামের ছেলে রাসেল রানা(২৬) ও পুটখালী গ্রামের আলতাফ হোসেনের ছেলে জিয়াউর রহমান হাফিজুর (৪০)। পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাতে ডিবি যশোরের অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল শার্শার রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাসেল রানাকে তার টিনের বসতঘর থেকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি পলিথিন ব্যাগে অস্ত্র ও ম্যাগাজিন থাকার কথা জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যাগ থেকে দুইটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে রাসেলের দেয়া তথ্যের ভিত্তিতে বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়া এলাকা থেকে জিয়াউর রহমান ওরফে হাফিজুর নামে আরও একজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক রাসেল রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি ভিভো মোবাইল ফোন। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন-‘পুলিশের কাছে তারা স্বীকার করেছে এরা দুইজনই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে ভারত থেকে অস্ত্র নিয়ে এসে সারাদেশে ছড়িয়ে দেয়। এই দুটি অস্ত্রও ভারত থেকে আনা। এই্ চক্রের সাথে কারা জড়িত; সেটা উদ্ধারে অভিযানে রয়েছে পুলিশ। আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’