নিজস্ব প্রতিবেদক: পরিবারের সম্পদ আত্মসাৎ, জমি দখল, মিথ্যা মামলা ও পিতাকে মারধরের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন চৌগাছা পৌর বিএনপির নির্বাহী সদস্য ও ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগকে ‘শতভাগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। লেন্টু বলেন, তিনি তার পিতার কোনো জমি ভোগদখল করেননি। বরং ৫ শতাংশ জমির ওপর নির্মিত দুইতলা বাড়ি তার পিতা তাকে ও দুই বোনকে বঞ্চিত করে ছোট ভাই শফিকুল ইসলামের নামে লিখে দিয়েছেন। পরিবারের অর্থ-সম্পদ আত্মসাতের অভিযোগও তিনি অস্বীকার করেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে পরিবারের সদস্যদের পক্ষ থেকে একের পর এক মামলা করা হয়েছে। বর্তমানে এ ধরনের মামলার সংখ্যা ১২টি। তার পিতা প্রায় ১৫ কোটি টাকার অর্থ-সম্পদ ফেরত পাওয়ার দাবি করে যশোরের পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন বলেও উল্লেখ করেন তিনি। লেন্টুর ভাষ্য, ওই সম্পদের দাবির সত্যতা প্রমাণিত হলে তিনি তা ফেরত দিতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে লেন্টু আরও দাবি করেন, ২০২৫ সালের ৫ জানুয়ারি তার ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকজন তাকে মারধর ও দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে দেন। এ ঘটনায় দায়ের করা মামলা বর্তমানে চলমান রয়েছে। সার ব্যবসা নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রশাসন বিভিন্ন সময়ে যে সার আটক করেছে, সেগুলো তার নয়; খাইরুল ইসলামের। এর পক্ষে প্রশাসন ও কৃষি অফিসে প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে সার নিয়ে যে অভিযোগ করা হয়েছে, সেটিও মিথ্যা বলে দাবি করেন।