নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ সন্ত্রাসের ডানা বাঁধবে এটা কোন ভাবেই হতে দেওয়া হবে না। ছাত্র রাজনীতির নামে শিক্ষকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করবে, ছাত্রদলের ব্যানারে থেকে এমন ধৃষ্টতা কেউ দেখাতে পারবে না। অতীতে ছাত্রলীগ শিক্ষকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করতো, এখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। সেই সময় ছাত্রলীগ যা করেছে এখন ছাত্রদল সেটি করতে পারবে না। যশোর জেলা প্রশাসন আয়োজিত মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করণে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ( সরকারি ও বেসরকারি কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনমিয় সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, অতীতে নিয়োগ প্রক্রিয়ায় লাখ লাখ টাকা লেনদেন হয়েছে। সেই সময়ের জনপ্রতিনিধিরা ভাগ পেয়েছে। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যতদিন তারেক রহমান প্রধানমন্ত্রী আছে, আর যতদিন আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে আছি, ততদিন কোন নিয়োগ প্রক্রিয়ায় এক টাকার লেনদেন হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনৈতিক মতাদর্শের বহিঃপ্রকাশের সুযোগ নেই। প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী থেমে থাকবে না আমরা তার দায়িত্ব নেবো। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে। আগামীতে আন্তঃ কলেজ ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট করার উদ্যোগ রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণের কথা বলেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, নতুনহাট পাবলিক কলেজের সভাপতি এ কে শরফুদ্দৌলা ছোটলু প্রমুখ।