স্পন্দন ডেস্ক : চট্রগ্রাম বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে ইউনিয়নের ৫ নম্বর ইলশা ওয়ার্ডে ১০০ দূর্গত মানুষের মাঝে ১০ কেজি করে চাল এবং ২০০ প্যাকেট শুকনো ও রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করেন। শুক্রবার চট্টগ্রামে পৌঁছে সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে বের হন। এ সময় চট্রগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকালে চট্রগ্রাম পৌঁছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চট্টগ্রাম বিভাগ ও জেলার সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় ও তদারকি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় মিলিত হন। চট্রগ্রামের সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনসহ সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনলাইন প্লাটফর্মে জেলার নির্বাহী কর্মকর্তারা অংশ নেন। এ সময় তিনি বলেন, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং কর্মহীন মানুষের মুখে খাবার পৌঁছে দেয়া হবে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, পরিকল্পনামাফিক সমন্বিত ভাবে কাজ করলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং বন্যার্তদের দুর্ভোগ লাঘব করা সহজ হবে। এ সময় প্রতিমন্ত্রী বলেন আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের আশ্রয় দেয়া শুধু নয়; তারা ঠিকমত খাবার পাচ্ছে কিনা, চিকিৎসা ব্যবস্থা, ওষুধসহ প্রতিটি বিষয় দেখভাল করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত জেলা প্রশাসককে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উল্লেখ্য শুক্রবার এক প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল এবং সুসমন্বিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব প্রদান করে সরকার।