বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে চিতলমারী উপজেলা বাজারে ইসলামী আন্দোলনের কার্যালয়ে আয়োজিত সমাবেশে দলটির কয়েক হাজার নেতাকর্মী বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা’র প্রতি সমর্থন ঘোষণা করে চিতলমারী উপজেলা বাজারে মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় ইঞ্জিনিয়ার মাসুদ রানার পক্ষে নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়ার অঙ্গীকার করা হয়।
সমাবেশে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাইয়ের পীর সাহেব মাওলানা রেজাউল করিম আমাকে সমর্থন দিয়েছেন। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি সবাইকে সঙ্গে নিয়ে বাগেরহাট-১ আসনের চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাটকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক ও উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। বাগেরহাট-১ আসন একটি কৃষিনির্ভর অঞ্চল। এ অঞ্চলের কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়াসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষকদের এসব সমস্যার সমাধানসহ এলাকার সার্বিক উন্নয়নে আমার নানা পরিকল্পনা রয়েছে।