নকিব সিরাজুল হক, বাগেরহাট : বিকেলে বাবার দাফন দিয়ে রাতেই বই হাতে ব্যাংকের এটিএম বুথে বসে পড়াশুনা করে বুধবার সকালে বসতে হয়েছে এইচএসসি পরীক্ষার হলে। বাবাকে হারানোর শোক, পরিবারের দায়িত্ব আর নিজের ভবিষ্যৎ সবকিছু একসঙ্গে সামলে এগিয়ে চলেছেন বাগেরহাট সরকারি পিসি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল ইকন। বাগেরহাট কৃষি ব্যাংকের রেল রোড শাখার এটিএম বুথের নিরাপত্তা কর্মী ইকন বাবাকে হারিয়ে এখন কঠিন এক বাস্তবাতার মুখোমুখি। বুধবার বিকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোডে ইকনের ভাড়া বাসায় গিয়ে কথা হয় তার সাথে। তার চোখে মুখে শোকের ছাপ, বুকের ভেতর বাবাকে হারানোর গভীর বেদনা। তারপরও থেমে থাকার সুযোগ নেই বলে জানালেন ইকন। বাগেরহাট খানজাহান আলী কলেজের মানবিক বিভাগের এই পরীক্ষার্থী বৃহস্পতিবারও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তার পরিক্ষা দিতে হবে। ইকন জানান, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালোনো মাত্র ৪৫ বছর বয়সী বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকালে বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর মা ও মানসিক ভারসাম্যহীন বড় ভাই রয়েছে। ভাড়ায় মোটরসাইকেল চালাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়ে বড় ভাই ইমন এখন সম্পূর্ণ মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এই অবস্থায় সংসারে বাবাকে সহায়তা করতে কয়েক মাস আগে পড়াশুনার পাশাপাশি বাগেরহাট কৃষি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীর কাজে যোগ দেয়। বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব এখন তার কাঁধে পড়েছে। তার বাবার মরদেহ বাগেরহাট মুনিগঞ্জ জামে মসজিদে জানাজা শেষে মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। পরদিন পরীক্ষা থাকায় রাতেই বাগেরহাটের ভাড়া বাসায় ফিরে আসেন ইকন। বাবার মৃত্যুর পর বাসায় পড়ার পরিবেশ না থাকায় বিকেলে বাবার দাফন দিয়ে রাতে বাগেরহাট ফিরে বই হাতে ব্যাংকের এটিএম বুথে বসে পড়াশুনা করে বুধবার সকালে এইচএসসি পরীক্ষা দিতে হয়েছে। বাবার মৃত্যুর পর ব্যাংক কর্মকর্তারা তার বাসায় গিয়ে সার্বিক সহায়তাসহ ১৫দিনের ছুটি দিয়েছে ইকনকে। তারপরও বাবাকে হারানোর শোক ভুলে রাতে পড়াশুনা করে বৃহস্পতিবারও দিতে হবে পরীক্ষা। থেমে যেতে চান না ইকন। জীবনের প্রতিকূলতাকে সঙ্গী করেই এগিয়ে যেতে চান স্বপ্নের পথে। কৃষি ব্যাংক বাগেরহাট শাখার ব্যাবস্থাপক মো. সিরাজুল ইসলাম ফকির জানান, দরিদ্র পরিবারের সন্তান ইসমাইল ইকন পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালাতে বাগেরহাট শহরের রেলরোড কৃষি ব্যাংকের এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করেন। ওর বাবার মৃত্যুর পর ইকনের বাসায় গিয়ে সার্বিক সহযোগিতা করেছি। ওকে ১৫ দিনের ছুটি দিয়েছি। বাসায় পরিবেশ না থাকায় বাবার দাফনের পর রাতে এটিএম বুথে থেকে পড়াশুনা করে বুধবার সকালে ইকন এইচএসসি পরীক্ষা দিয়েছে। ছুটির মধ্যে এখন ইকনকে বাসায় থেকে মনোযোগ দিয়ে পড়াশুনা করে পরীক্ষা দিতে বলেছি। প্রতিকূলতার মধ্যেও দায়িত্ববোধ আর শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার যে প্রত্যয় ইকন দেখাচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ব্যাংক কর্তৃপক্ষ ইকন ও তার পরিবারের পাশে সহযোগী হয়ে থাকবে বলেও জানান এই কর্মকর্তা।