নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে লাবনী বেগম (২৫) নামে এক নারী জখম হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মন্ডলগাতি কফি হাউজের সামনে তার ওপর হামলার ঘটনাটি ঘটে। আহত লাবনী মণ্ডলগাতি গ্রামের শুকুর আলীর মেয়ে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত লাবনী জানান, তার প্রাক্তন স্বামী যশোর শহরের খড়কি এলাকার আতিয়ার রহমানের ছেলে মিঠুন দীর্ঘদিন ধরে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ঠিকমত ভরণপোষণের দায়িত্ব পালন করতেন না। এই কারণে তাদের আইনানুগভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর থেকে তিনি পিতার বাড়িতে বসবাস করে আসছেন। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকেই প্রাক্তন স্বামী (মিঠুন) তার ওপর ক্ষুব্ধ ছিল। বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় মন্ডলগাতি কফি হাউজের সামনে তাকে একা পেয়ে হামলা চালায় মিঠুন। এ সময় তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার আগেই হামলাকারী পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত লাবনীর মাথার আঘাতটি গুরুতর। মহিলা সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।