নিজস্ব প্রতিবেদক : যশোরে মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন (মধ্যস্থতা) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর জেলা আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আদালতগুলোতে মামলার জট কমানো এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ ও সময়ের অপচয় রোধে মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। মামলা দায়েরের আগেই আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ সমাধান সম্ভব হলে বিচার ব্যবস্থার ওপর চাপ অনেকটাই কমে আসবে। অনুষ্ঠানে যশোরে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে এবং সরকারি আইনি সহায়তার আওতা সম্প্রসারণে জেলা লিগ্যাল এইড কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের ফলে প্রান্তিক জনগোষ্ঠী সহ সকল বিচারপ্রার্থী উপকৃত হবেন। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ড. আতোয়ার রহমান, যশোর লিগ্যাল এইড যশোর অফিসের স্পেশাল মেডিয়েটর সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী আক্তারুজ্জামান, সুধাংশু শেখর রায়, শান্তনু কুমার মণ্ডল, জেলা লিগ্যাল এইড অফিসার নিশাত সুলতানা, সিনিয়র সহকারী জজ মো. তুহিনুল ইসলাম, মতিউর রহমান, লাবনী ইয়াসমিনসহ জজশিপ ও ম্যাজিস্ট্রেসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন জিপি শেখ আব্দুল মোহায়মেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. গফুর, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট দেবাশীষ দাস, লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এর আইনজীবী মোস্তাফা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও বিচার বিভাগ, জেলা লিগ্যাল এইড অফিস, আইনজীবী, বিচারক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, সরকার আইনি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে নির্ধারিত কিছু দেওয়ানি ও পারিবারিক বিরোধ আদালতে মামলা দায়েরের আগে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হবে। এতে মামলার সংখ্যা কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে এবং বিরোধের সৌহার্দ্যপূর্ণ সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। উল্লেখ্য, সম্প্রতি সরকার আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর আওতায় যশোরসহ দেশের ১০টি জেলায় এ কার্যক্রম চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ ২১ জুলাই থেকে যশোরসহ নির্বাচিত জেলাগুলোতে মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন (মধ্যস্থতা) কার্যক্রম কার্যকর হবে।