বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইয়েদা নাসরিন জাহান। বক্তারা বলেন-পার্টনার কংগ্রেস হলো সংগঠিত কৃষকদের সম্মেলন। কৃষকরা যদি সমবায় সমিতির মাধ্যমে একতাবদ্ধ হয় তবে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয় করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমানসহ উপজেলার সাংবাদিক ও বিভিন্ন এলাকার কৃষকরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ইয়ামিন হোসেন।