নিজস্ব প্রতিবেদক : যশোরের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে নববর্ষের চেতনাকে ধারণ করে এবং স্থানীয় নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনের ‘নববর্ষ নাট্যোৎসব ১৪৩৩’। বুধবার সন্ধ্যায় নাট্য গবেষণা কেন্দ্র আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, নাট্যভিনেতা মহিউদ্দিন লালু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, নৃত্য প্রশিক্ষক সঞ্জীব চক্রবর্তী, যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সম্পাদক আলমগীর হোসেন বাবু ও পুস্তক ব্যবসায়ী জসিমউদদীন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন নাট্য গবেষণা কেন্দ্রের সভাপতি অ্যাড. চুন্নু সিদ্দিকী। এ সময় নাট্যাঙ্গনে এবং নৃত্যে অবদানের জন্যে ৫ তরুণকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন অভিনয়ে সোহরাব অধিকারী, অলক দত্ত, সোহেল রানা, আকাশ আহমেদ জীবন এবং নৃত্যে মাধুর্য রায় চৌধুরী। পরে উৎসবের প্রথম দিনের তিনটি নাটক মঞ্চস্থ হয়। এর মধ্যে রতন সিদ্দকী রচিত এবং রিয়াদুর রহমান নির্দেশিত নাটক ‘অজ্ঞাতনামা’ পরিবেশন করে উদীচী যশোর, তাজউদ্দীন তাজু রচিত এবং আসিফ খান নির্দেশিত নাটক ‘কণ্ঠ রোধের শব্দযুক্ত’ পরিবেশন করে ব্যঞ্জন যশোর, কাসেদুজ্জামান সেলিম রচিত এবং আরিফুল ইসলাম আরিফ নির্দেশিত নাটক ‘এবং সমাধান’ পরিবেশন করে ব্যঞ্জন থিয়েটার। অনুষ্ঠানের শুরুতে বিকেলে পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান। বিপুল সংখ্যক দর্শক উপভোগ করে নাট্য উৎসব।