নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের স্ত্রী তহমিনা খাতুন শম্পা শনিবার বিকালে মহেশপুর থানায় খালিশপুরের মাহবুবুর রহমান, মিজানুর রহমান ছোট ও ফিরোজসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২০২৪ সালের ৫ মে আওয়ামী লীগ সরকারের পতনের দিন মহেশপুর উপজেলার খালিশপুর গরুর হাট শংলগ্ন একটি ভাড়া বাসায় গেলে স্থানীয় কয়েকজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলামকে ধরে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। পরে সোনালী ব্যাংকের একটি চেকের মাধ্যমে এক লাখ টাকা তারা আদায় করেন। এ ঘটনার পর থেকে তারা আমার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো বলেও থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পুলিশ খালিশপুরের মাহবুবুর রহমান, মিজানুর রহমান ছোট ও ফিরোজকে শনিবার রাতে আটক করে। মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে একই ঘটনায় এক গৃহবধূ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানায় একটি এজাহার দায়ের করেন। এ ঘটনায় শনিবার থানা পুলিশ খালিশপুর বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে আটক করে। পরে রোববার সকালে পুলিশ মহেশপুর আদালতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে প্রেরণ করেন। আদালতের বিচারক আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।