Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, বিক্ষোভ মিছিল

নওয়াপাড়ায় ঘর ভাড়া না দেয়ায় বিপণিবিতান মালিককে কুপিয়ে হত্যা

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০৩:১৯:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর স্বত্বাধিকারী আনিসুর রহমানকে (৫৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। বিপণিবিতানে ঘর ভাড়া না দেয়ার জেরে বুধবার রাতে নিজ বাড়ির সামনে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত আনিসুর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার গুয়াখোলা এলাকার বাসিন্দা। তিনি নওয়াপাড়া বাজারের বহুতল বিপণিবিতান ‘আনিস প্লাজা’র মালিক।
নিহতের স্বজনরা জানান, নওয়াপাড়ার পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ আনিস প্লাজায় একটি দোকান ভাড়া নিতে চেয়েছিলেন। তবে আনিসুর রহমান তাকে দোকান ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনার জেরে বুধবার রাত ৮টার দিকে শাহ মাহামুদ ও তার সহযোগীরা আনিসুর রহমানের বাড়ির সামনে ওৎ পেতে থাকে। বাড়ির সামনে পৌঁছালে তারা তাকে নৃশংসভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে তিনি মারা যান। বৃহস্পতিবার ভোরে নিহত আনিসুর রহমানের মরদেহ বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে, আনিসুর রহমান হত্যার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি। অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তারা খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। মিছিলে উপস্থিত ছিলেন সমিতির পৃষ্ঠপোষক নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, সহ-সভাপতি ও বিএনপি নেতা মশিয়ার রহমান মশি, যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান।
মিছিল শেষে নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় ব্যবসায়ী নেতারা বলেন, সংগঠনের উপদেষ্টা আনিসুর রহমানকে যারা হত্যা করেছে তারা সকলে চিহ্নিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
এঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি-সম্পাদকসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নিহত আনিসুর রহমানের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত শাহ মাহামুদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)