অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে বোরো ধান কাটার মৌসুমে জমজমাট হয়ে উঠেছে মৌসুমি শ্রমিকের হাট। ভোর থেকেই নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ’শ’ শ্রমিক কাজের অপেক্ষায় সমবেত হন। প্রতিবছর ধান কাটার মৌসুমে এ এলাকায় শ্রমিকের চাহিদা বাড়ে। সেই সুযোগে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শ’শ’ কৃষিশ্রমিক এখানে আসেন। তারা স্থানীয় কৃষকদের সঙ্গে চুক্তিভিত্তিক মজুরিতে ধান কাটার কাজ করেন। জানা গেছে, হাটে ২০ থেকে ৬০ বছর বয়সী শ্রমিকদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে অপেক্ষা করতে দেখা যায়। হাতে কাস্তে, মাথায় টুপি, পরনে লুঙ্গি ও কাঁধে গামছা নিয়ে তারা কৃষকদের অপেক্ষায় থাকেন। কৃষকের সঙ্গে দরদাম চূড়ান্ত হলেই তারা কাজে যান। নূরবাগ রেলক্রসিং ও রেললাইনের পাশে এ সময় শ্রমিকদের ভিড় লক্ষ্য করা যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রমিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘একদিন আগে অভয়নগরে এসেছি। আমাদের দলে পাঁচজন সদস্য রয়েছে। এখনো কাজের জন্য দরদাম চূড়ান্ত হয়নি।’ রাজশাহী থেকে আসা শ্রমিক কাওসার আলী জানান, তিনি গত তিন দিন ধরে ধান কাটার কাজ করেছেন। নতুন কাজের আশায় আবারও হাটে এসেছেন। তিনি বলেন, ‘বর্তমানে প্রতি বিঘা ধান কাটার জন্য ১১০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। দরদামে মিল না হলে অন্য কৃষকের সঙ্গে কাজ নেয়।’ উপজেলার বুইকরা গ্রামের কৃষক বাধন আহমেদ বলেন, ‘আমার ৬ বিঘা জমির ধান পেকে গেছে। স্থানীয়ভাবে শ্রমিকের সংকট রয়েছে। তাই নূরবাগ হাট থেকে শ্রমিক নিতে এসেছি। এবার শ্রমিকের মজুরি তুলনামূলক বেশি। তারা সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করেন।’ এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন-‘এ বছর উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার ৭৩০ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে’।