প্রেসবিজ্ঞপ্তি : টেরাকোটা ক্রিয়েটিভস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘১৮ তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী’ শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি যশোর পৌর উদ্যান সংলগ্ন চারুপীঠ আর্ট গ্যালারীতে ২৫ মে সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।
সমাজের সর্বস্তরের খেটে খাওয়া মানুষের লড়াইকে উপজীব্য করে উক্ত প্রদর্শনীতে চিত্রকর্ম, আলোকচিত্র এবং ডিজিটাল আর্ট মাধ্যমে মোট ৬০ জন শিল্পীর মোট ৮০টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। প্রদর্শনীতে যোগদান করেছেন চিত্রশিল্পী নদী জুডিথ গমেজ, তৌসিফ উল আলম, তাজলিন আক্তার, তপু দাস, জিয়াউর রহমান, মানসী বনিক, পীযূষ কান্তি ঘোষ, কুয়াশা বিন্দু, এ এফ এম মনিরুজ্জামান শিপু এবং আলোকচিত্রী হাসান শাইফুদ্দিন চন্দন, জিএমবি আকাশ, হাফিজুর রহমান খান, মামুনুর রশিদ, মোঃ এনামুল কবির, মোঃ মঈন উদ্দিন, মোঃ সাইফুল আমিন (কাজল), পাবলো খালেদ, সাবিনা ইয়াসমিন, সফিকুল আলম কিরন, সৈয়দ লতিফ হোসাইন, উজান রহমান, জিয়া রায়হান, মোঃ আল আমিন, গালিব রহমান নাদিম, মেহজাবিন সুমনা, তাহসীন মাহবুব, পল ডেভিড বারিকদার, নাজমুল হাসান লিজা, কাজী আরিফুজ্জামান (রোজেল), সৌরভ সরকার প্রমুখ।
এটি রঙ্গোত্তর শিল্প প্রদর্শনীর ১৭ তম সংস্করণ এর পুনঃসংস্করণ হতে চলেছে, যা অনুষ্ঠিত হয় গত ১ মে, ২০২৬ ঢাকাস্থ ধানমন্ডি লেক-এ। এর দর্শক ছিলেন দেশের শিল্পী ও শিল্পমনা মানুষ, পথচারীর পাশাপাশি শ্রমিক শ্রেণী। টেরাকোটা ক্রিয়েটিভস এর এই উদ্যমী প্রচেষ্টার উদ্দেশ্য শিল্পকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলা। রঙ্গোত্তর -এর পূর্ববর্তী সংস্করণগুলোতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রদর্শনী, আর্ট ক্যাম্প এবং আর্ট ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে, যা সমাজের প্রতি স্তরের মানুষের শিল্প ও শিল্পীদের সাথে মিশে যাওয়ার একটি কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হয়েছে।